October 1, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জাতিসংঘে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অংশীদারত্ব, বিনিয়োগ, বাণিজ্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, চার কর্মদিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বার্থ ও সম্ভাবনাকে দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান, উন্নয়ন পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরে মাহদী আমিন জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ছয়টি অনুষ্ঠানে বক্তব্য দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ১৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল নিউইয়র্ক সফর করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আরও প্রায় ৫০টি বৈঠকে অংশ নেন। সব মিলিয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের সংখ্যা ৮০টির বেশি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিনিধিদলের একটি ছোট দল ক্যালিফোর্নিয়া সফর করে। এসব উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ ও উদ্ভাবন খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জুবাইদা রহমানের সফরকালীন কার্যক্রমের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়। মাহদী আমিন জানান, ড. জুবাইদা রহমান সফরকালে আটটি কর্মসূচিতে অংশ নেন এবং তিনটি অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সংবর্ধনা এবং উইমেন লিডার্স প্ল্যাটফর্মসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কয়েকটি আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক যাত্রা এবং আত্মনির্ভরশীল, আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি দেশের অঙ্গীকারের কথা স্পষ্টভাবে জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন।

মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব হাসান শিপলু, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক উপস্থিত ছিলেন।

Scroll to Top