ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রীকে সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে হুমায়ুন কবিরের সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের কথাও স্মরণ করেন।
বৈঠকে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।











