ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়ন লক্ষ্যে সহযোগিতা আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার হুমায়ুন কবির।
মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

বৈঠকে স্টেট মিনিস্টার বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়ার জন্য ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে প্রধানমন্ত্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির সংক্ষেপে তা তুলে ধরেন। এ সময় জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

স্টেট মিনিস্টার জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় এবং বাংলাদেশের ‘ফাইভ-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (২০২৬–২০৩১)’-এর সঙ্গে জাতিসংঘের কর্মসূচিগুলোর আরও ঘনিষ্ঠ সামঞ্জস্য নিশ্চিত করার আহ্বান জানান।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ সংকটে জাতিসংঘের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন কবির রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের একমাত্র কার্যকর পথ হলো তাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন।
জবাবে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ক বাংলাদেশ সরকারের চলমান সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে জাতিসংঘের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে জাতিসংঘ কান্ট্রি টিমের প্রতিশ্রুতিও তুলে ধরেন।











