November 21, 2026

শিরোনাম

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশীয় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের (সিএমএসএমই) বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২২ থেকে ২৮ নভেম্বর সাত দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

আগামী ২২ নভেম্বর (রবিবার) সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্পসচিব আব্দুন নাসের খান। মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনও অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

২১ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। জাতীয় শিল্পনীতি, এসএমই নীতিমালা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। এ পর্যন্ত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী হয়েছেন প্রায় ২৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাঁদের ৬০ শতাংশই নারী।

মন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশের প্রায় সাড়ে ৩শ’ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। মেলায় সম্পূর্ণ দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। কোনো বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন কিংবা বিক্রির সুযোগ থাকবে না।

মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি, হস্ত ও কারুশিল্পের ৩৫টি, ফ্যাশন ডিজাইন খাতের ৯৮টি, হারবাল ও প্রসাধনী পণ্যের ৯টি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৩০টি, জুয়েলারি পণ্যের ১৩টি, হালকা প্রকৌশল শিল্পের ১৬টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের ৭টি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের ৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ, বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান এবং শিল্প মন্ত্রণালয়ের সাতটি দপ্তর ও সংস্থাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), বর্ষসেরা স্টার্টআপ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস, বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা ও পরামর্শের মাধ্যমে উদ্যোক্তারা ঋণসংক্রান্ত তথ্য জানতে পারবেন। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাতেই ঋণের জন্য আবেদন করার সুযোগ থাকবে।

এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য তিনটি সেমিনার এবং একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের মূল বিষয়বস্তু হবে সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং বাজার সম্প্রসারণ।

২৩ নভেম্বর সকাল ১০টায় ‘Showcasing National SME Product Fair 2026 and Dialog for SME Development in Bangladesh’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই দিন বিকেল ৩টায় ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়গুলোই হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার; চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

২৪ নভেম্বর সকাল ১০টায় ‘Strengthening Climate Resilience of CMSMEs through Credit and Insurance: The SME Foundation Blended Finance Model’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। একই দিন বিকেল ৩টায় ‘এমএসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং সম্প্রসারণে বৃহৎ শিল্পের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষাপট ও আন্তর্জাতিক অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান।

মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সিটি ব্যাংক এবং সহযোগী পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরতে একটি অস্থায়ী কার্যালয় এবং গণমাধ্যমকর্মীদের কাজের সুবিধার্থে একটি মিডিয়া সেন্টার থাকবে। ২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো প্রবেশ ফি ছাড়াই মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করে প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন। পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্যের অর্ডার পেয়েছেন তাঁরা। জাতীয় মেলার পাশাপাশি ফাউন্ডেশন এ পর্যন্ত ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে। এসব মেলায় প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন।

উদ্যোক্তাদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ পর্যন্ত ৭১ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন নারী, ৩২ জন পুরুষ এবং দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে মোট এক কোটি ১৭ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে নিয়োজিত। সিএমএসএমই খাতে কর্মরত জনবলের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ। এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতের। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

দেশের এই সম্ভাবনাময় খাতের পরিকল্পিত উন্নয়ন ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করা হয়। ২০০৪ সালে টাস্কফোর্স সুপারিশমালা পেশ করে। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে দেশের প্রথম এসএমই নীতি-কৌশল প্রণয়ন এবং ২০০৬ সালে শিল্প মন্ত্রণালয়ের আওতায় এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

সাত দিনব্যাপী এ মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’।

Scroll to Top