October 11, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বাংলাদেশে দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন

বাংলাদেশে দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন (Marubeni Corporation)।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, নতুন শিল্প স্থাপন এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে তথ্যপ্রযুক্তি (আইটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশেষ করে দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা বৈঠকে গুরুত্ব পায়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের সার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, শিল্প খাতের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে স্বাগত জানান। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। দুই দেশের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগী। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে। এ প্রেক্ষাপটে মারুবেনি কর্পোরেশনের আগ্রহ বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।

মারুবেনি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।

Scroll to Top