October 17, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সামুদ্রিক খাতে বিনিয়োগ ও অংশীদারত্বের সম্ভাবনা খুঁজছে নেদারল্যান্ডসের ১৪ প্রতিষ্ঠান

বাংলাদেশের সামুদ্রিক খাতে বিনিয়োগ ও অংশীদারত্বের সম্ভাবনা খুঁজছে নেদারল্যান্ডসের ১৪ প্রতিষ্ঠান

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের ক্রমবর্ধমান সামুদ্রিক খাতে ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ১৪টি ডাচ সামুদ্রিক প্রতিষ্ঠান নিয়ে একটি বাণিজ্য মিশন বাংলাদেশ সফর করছে। এ সফরের মাধ্যমে দুই দেশের সামুদ্রিক শিল্পে সহযোগিতা, প্রযুক্তিগত বিনিময় এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা (Sjoerd Sjoerdsma) এ বাণিজ্য মিশনের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল (Joris van Bommel) এবং ডেপুটি হেড অব মিশন জান্না ভ্যান ডার লিন্ডেন (Janna van der Linden) উপস্থিত ছিলেন।

সফরকালে ডাচ প্রতিনিধিদল ঢাকাসহ চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকইয়ার্ড, শিপইয়ার্ড ও সামুদ্রিক স্থাপনা পরিদর্শন করছে। এসব পরিদর্শনের মধ্যে রয়েছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত সংশ্লিষ্ট স্থাপনাসহ বেসরকারি খাতের বিভিন্ন সামুদ্রিক শিল্পপ্রতিষ্ঠান। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত বৈঠক করছেন প্রতিনিধিদলের সদস্যরা।

এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সামুদ্রিক খাতের সম্ভাবনা মূল্যায়ন, ব্যবসায়িক যোগাযোগ জোরদার এবং দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ক্ষেত্র চিহ্নিত করা।

নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (RVO) এবং ঢাকায় অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ বাণিজ্য মিশন পরিচালিত হচ্ছে।

Scroll to Top