October 15, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে বাইরেও উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে বাইরেও উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশের পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে হলে প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের বাইরে গিয়েও কিছুটা বেশি কাজ করতে হবে। কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে নিজের সক্ষমতাকে কাজে লাগিয়ে সবাইকে উদ্যোগী হতে হবে।

সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি (মাতৃবৃক্ষ) চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণের পর চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা এবং রোপণ করা চারাগুলো টিকে আছে কি না, তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন সম্প্রসারণের উপায় খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার মতো জায়গা কম। এ ধরনের জায়গার সংখ্যা বাড়াতে হবে। একই সঙ্গে ছাদবাগান, স্কুলবাগান এবং বিভিন্ন ভবনে বাগান তৈরির মাধ্যমে সবুজায়ন বাড়াতে মানুষকে উৎসাহিত করতে হবে।

পরিবেশ সংরক্ষণকে কার্যকর ও টেকসই করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর নির্দেশনায় বৃক্ষরোপণের পাশাপাশি চারার পরিচর্যা, মাদার ট্রি সংরক্ষণ এবং নতুন সবুজ এলাকা গড়ে তোলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top