ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, অনুদ্ঘাটিত মামলা দ্রুত নিষ্পত্তি এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা, আবেদন ও প্রত্যাশার কথা শোনেন পুলিশ কমিশনার। এসব সমস্যা সমাধান এবং আবেদন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সভায় বক্তব্য দিতে গিয়ে মোঃ ইসরাইল হাওলাদার জিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। এ সময় অবসরজনিত বিদায় উপলক্ষে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পরে দুপুর ১২টায় জিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ কমিশনার।
তিনি জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো উদ্ঘাটন করে দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











