ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন (Ramis Şen) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত আসন্ন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (COP31) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সময় রাষ্ট্রদূত আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বনেতাদের সম্মেলন (World Leaders’ Summit) সম্পর্কেও আলোচনা করেন এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে জানতে চান।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম COP31 আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে নিশ্চিত করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সম্মেলনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।











