ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং শ্রমবাজারে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দেশটির দুটি গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (NESA) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়া (CAK)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

NESA-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (EPS) আওতায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে দুই দেশের যৌথ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নে অর্জিত সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশটির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি সরবরাহে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
বৈঠকে NESA-এর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। কর্মীদের দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষতা অর্জন এবং কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এর মাধ্যমে কর্মীদের দেশটির কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া এবং কর্মদক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে, CAK-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার নির্মাণশিল্পে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ খাতে বাংলাদেশি কর্মীদের যুক্ত করতে দেশটির নির্মাণপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক নেটওয়ার্কিং বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, কর্মীদের কারিগরি প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে CAK ও দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় নির্মাণপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নির্মাণ খাতে কর্মীদের নিরাপত্তা, কার্যকর যোগাযোগ এবং সুনির্দিষ্ট কারিগরি জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। তারা ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষ এবং নির্মাণকাজে প্রয়োজনীয় কারিগরি যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি কর্মীদের দেশটির নির্মাণশিল্পে নিয়োগের সম্ভাবনার বিষয়েও ইতিবাচক মতামত দেন।
দুটি বৈঠকেই প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, কর্মীদের যথাযথ প্রাক-বহির্গমন প্রস্তুতি নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর ও সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।











