ডেস্ক রিপোর্টঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।

পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তাঁরা।

পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অন্যান্য পুলিশ কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











