ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ করপোরেট গলফ প্রতিযোগিতা ‘তুর্কিশ এয়ারলাইন্স ওয়ার্ল্ড গলফ কাপ ২০২৬’। শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। তিনি ৪৪ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতেন। এ জয়ের মধ্য দিয়ে তিনি তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ঢাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

তুর্কিশ এয়ারলাইন্সের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। বিশ্বের বিভিন্ন দেশে করপোরেট গলফ প্রতিযোগিতার আয়োজনের ধারাবাহিকতায় ঢাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম রানার-আপ এবং এস এম আবদুল্লাহ ফারাবী তৃতীয় স্থান অর্জন করেন। ‘ক্লোজেস্ট টু দ্য পিন’ বিভাগে পুরুষদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান এবং নারীদের মধ্যে নীলা আজিজ বিজয়ী হন। এ ছাড়া গ্রস বিভাগে ৭৫ স্কোর নিয়ে পুরস্কার জেতেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ।

২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে তুর্কিশ এয়ারলাইন্স ওয়ার্ল্ড গলফ কাপ (TAWGC) আন্তর্জাতিক করপোরেট গলফ অঙ্গনে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। বর্তমানে ৮৪টি দেশে ১৩০টিরও বেশি টুর্নামেন্টের মাধ্যমে এ প্রতিযোগিতায় ১০ হাজারের বেশি গলফার অংশগ্রহণ করেন।
চলতি বছরের প্রতিযোগিতায় বিশ্বব্যাপী মোট ১৩৯টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঢাকার আয়োজনটি ছিল এ সিরিজের ৯২তম টুর্নামেন্ট। বিভিন্ন শহরের বিজয়ীরা তুরস্কে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশ নেবেন। সেখানে বিজয়ীদের গ্লোরিয়া গলফ ক্লাবে খেলার পাশাপাশি তুরস্কের গলফ উপকূলের গ্লোরিয়া সেরেনিটি রিসোর্টে অবস্থানের সুযোগ থাকবে।
ঢাকায় তুর্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে বলেন, “ঢাকায় তুর্কিশ এয়ারলাইন্স ওয়ার্ল্ড গলফ কাপ সফল করতে সহযোগিতা করা সব অতিথিকে আমরা ধন্যবাদ জানাই। TAWGC সিরিজের আরেকটি রোমাঞ্চকর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী কর্নেল মো. হুমায়ুন রাশেদকে অভিনন্দন জানাই এবং তুরস্কে তাঁর সাফল্য কামনা করছি।”
আয়োজক সূত্রে জানানো হয়, গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী সব প্রতিযোগী তুর্কিশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন।
গত এক দশকে তুর্কিশ এয়ারলাইন্স ওপেন ও ওয়ার্ল্ড গলফ কাপের মতো আন্তর্জাতিক আয়োজন তুরস্কের আনতালিয়াকে বিশ্বের গলফারদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক গলফ অবকাঠামো ও আন্তর্জাতিক মানের আতিথেয়তার কারণে অঞ্চলটি বিশ্বজুড়ে গলফপ্রেমীদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।
তুর্কিশ এয়ারলাইন্স ওয়ার্ল্ড গলফ কাপ ২০২৬-এর সহযোগী হিসেবে রয়েছে গ্লোরিয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস।











