ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ এখন আর শুধু সাহায্য নয়, বরং ব্যাপক বিনিয়োগ চায়। সম্ভাবনাময় বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ানো গেলে দেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো জিগফ্রিড রেঙ্গলি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সুইজারল্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুইজারল্যান্ডের বিনিয়োগকারীরা বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগ করতে পারেন। এতে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ তৈরি হবে।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করেন রাষ্ট্রপতি। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সুইজারল্যান্ড দূতাবাসের উপ-মিশন প্রধান দিপাক এলমার উপস্থিত ছিলেন।











