ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জাপান সফর উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশ ও জাপানের শিশুদের ভবিষ্যৎ গঠনে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা (IKUINA)।

জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (Sasakawa Peace Foundation) আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে তিনি বলেন, দুই দেশের শিশুদের জন্য এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা গুরুত্বপূর্ণ, যেখানে তারা পারস্পরিক সহযোগিতা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করতে পারবে।
তিনি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া এবং যৌথভাবে নতুন কিছু সৃষ্টির মানসিকতা বিকাশের ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে বাংলাদেশ ও জাপানের শিশুদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
সেমিনারটি ডা. জুবাইদা রহমানের জাপান সফরকে কেন্দ্র করে আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।











