ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দক্ষ কর্মী অভিবাসনের নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি এবং স্পেনের পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিও।
২৮ অক্টোবর স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

বৈঠকের শুরুতে স্পেনের টলেডোতে ওই দিন সকালে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
আলোচনায় বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং বিভিন্ন প্রদর্শনী ও বাণিজ্য আয়োজনের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন তাঁরা।
সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান। পাশাপাশি ক্রীড়া কূটনীতি, সৃজনশীল অর্থনীতি, শিল্পকলা ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে। বাংলাদেশ সরকার দেশব্যাপী ক্রীড়ার প্রসারে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারে ক্রীড়া কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। একই সঙ্গে দক্ষ কর্মীদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপস’ উদ্যোগে স্পেনের অংশগ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে স্পেনের পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে স্পেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাকে আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করে এ প্রচেষ্টায় স্পেনের সহযোগিতার প্রস্তুতির কথা জানান।
দুই দেশের মধ্যে সম্মত দ্বিপক্ষীয় দলিলগুলো দ্রুত চূড়ান্ত করা এবং বিভিন্ন বিষয়ে চলমান আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারেও উভয় পক্ষ একমত হয়। পাশাপাশি যত দ্রুত সম্ভব দ্বিতীয় বাংলাদেশ-স্পেন পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা (Foreign Office Consultations—FOC) আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গতিশীল করতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন দুই দেশের প্রতিনিধিরা।











