ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মালাগার মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা করেন তাঁরা।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় মালাগার মেয়র বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর প্রশাসনের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।











