October 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১০ম ল্যান্ড ফোর্সেস টকস সম্পন্ন, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১০ম ল্যান্ড ফোর্সেস টকস সম্পন্ন, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে দুই দিনব্যাপী ১০ম ল্যান্ড ফোর্সেস টকস (LFT)-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ বৈঠক শেষ হয়। এতে দুই দেশের সামরিক প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

গত ২৬ অক্টোবর শুরু হওয়া এ আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস-বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।

বৈঠক শুরুর আগে ২৬ অক্টোবর সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া। এ সময় দুই দেশের সামরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।

Scroll to Top