November 24, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সংহতির প্রতীক আন্দ্রে মালরোকে সম্মান জানাল ফ্রান্স দূতাবাস

মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সংহতির প্রতীক আন্দ্রে মালরোকে সম্মান জানাল ফ্রান্স দূতাবাস

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সংহতি ও সমর্থনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ফরাসি লেখক, দার্শনিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আন্দ্রে মালরোর স্মরণে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস।

আন্দ্রে মালরোর মৃত্যুর ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার (২২ নভেম্বর) ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে এ বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা (Frédéric Inza)। প্রদর্শনীটি আগামী ২ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ত্রপা মজুমদার উপস্থিত ছিলেন।

আন্দ্রে মালরো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন অকৃত্রিম বন্ধু এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সোচ্চার সমর্থক ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে জোরালো অবস্থান নেন। এমনকি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে অংশ নিতে একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠনের উদ্যোগ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন।

১৯৭৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরকালে মালরো ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের দেখতে যান। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

সফরকালে এক আহত মুক্তিযোদ্ধার সঙ্গে তাঁর আবেগঘন সাক্ষাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সংহতির ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। ওই মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের পক্ষ থেকে মালরোকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান। সেই আহত মুক্তিযোদ্ধা বর্তমানে অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. আমজাদ হোসেন। তিনিও রোববারের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি আন্দ্রে মালরোর অসাধারণ সংহতি, মানবিক অবস্থান ও অবদানকে সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

Scroll to Top