ডেস্ক রিপোর্টঃ
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি সম্পন্ন করা হবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী জানান, শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট তৃতীয় টার্মিনাল ব্যবহার করে পরিচালিত হবে। তবে টার্মিনালটির সব ধরনের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় প্রয়োজন হবে।
টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত সম্পর্কে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে ১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজনীয়তা পাওয়া যায়নি। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন বলে বিবেচনায় নেওয়া হয়েছে। এসব বাস্তবতা বিবেচনা করেই চুক্তির শর্তগুলো মেনে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চুক্তির শর্তের কারণে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েনি।
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরটির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর বিমানবন্দরটির উদ্বোধন হচ্ছে না বলে তিনি স্পষ্ট করেন।











