ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা (Sadia Faizunnesa) OCP Nutricrops-এর চেয়ারম্যান ও সিইও ফারিস দেরিজের (Faris Derrij) সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) মরক্কোর কাসাব্লাঙ্কায় OCP Nutricrops-এর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ সরকার ও OCP Nutricrops-এর মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্ব নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

আলোচনায় দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে গবেষণা ও উন্নয়ন (R&D), শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বৃদ্ধি, সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও সর্বোত্তম অনুশীলন বিনিময় এবং নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ ও OCP Nutricrops-এর মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

এর আগে রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এল জাদিদার জর্ফ লাসফারে অবস্থিত OCP Nutricrops-এর সদর দপ্তর ও উৎপাদন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ও উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
বিশেষ করে TSP ও DAP সার উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা OCP Nutricrops-এর কার্যক্রম ও উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে তাকে বিস্তারিত ধারণা দেন।
বাংলাদেশ ও মরক্কোর মধ্যে কৃষি ও সার খাতে দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় রাষ্ট্রদূতের এ বৈঠক ও পরিদর্শন ভবিষ্যতে গবেষণা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে।











