ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নবপ্রবর্তিত স্পেশাল মিডিয়েটর (Special Mediator) ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আইন পেশাজীবীদের জন্য দুই দিনব্যাপী বেসিক মেডিয়েশন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মধ্যস্থতার আধুনিক কৌশল, কার্যকর পদ্ধতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন জাপানের কেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মিয়াতাকে মাসাকো। তিনি জাপানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতা ব্যবস্থার অভিজ্ঞতা, সফল অনুশীলন এবং সর্বোত্তম পদ্ধতি তুলে ধরেন। এ সময় বাংলাদেশের আইন পেশাজীবীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা ও জ্ঞান বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি। বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে আইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং স্পেশাল মিডিয়েটর ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এর ফলে মধ্যস্থতা পদ্ধতি সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য, কার্যকর এবং জনবান্ধব বিরোধ নিষ্পত্তির মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তাদের মতে, এ উদ্যোগ বিচারপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ, আদালতের মামলার জট কমানো এবং দেওয়ানি ও পারিবারিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বাংলাদেশের বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution-ADR) ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।











