ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাতের বেলা স্টুডিওটিতে দুজন ব্যক্তি অবস্থান করছিলেন। তাদের একজন জানান, প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে এসে স্টুডিওর শাটারে কোপাতে শুরু করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিউ গিনি আবাসন প্রকল্পটি রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় প্রায় পাঁচ বিঘা জমির ওপর গড়ে উঠছে। নির্মাণাধীন ওই আবাসিক এলাকায় হামলাকারীরা প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় বলে জানা গেছে।
এ সময় সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজনকে কোপানোর পাশাপাশি মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
তবে পুলিশের ভাষ্য, হামলাকারীদের মূল নিশানা ‘ব্রাউনফিশ’ স্টুডিও ছিল না। জায়গা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।











