September 26, 2026

শিরোনাম

সপ্তাহব্যাপী বর্ণিল আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬

Image

ডেস্ক রিপোর্টঃ

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশে পর্যটন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বয়ে পর্যটন গন্তব্যভিত্তিক বর্ণিল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিস্ট পুলিশ, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ, বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিনোদন পার্ক সংশ্লিষ্ট সংগঠনসমূহ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন ও পর্যটন গন্তব্যভিত্তিক অংশীজনসমূহ সপ্তাহব্যাপী আড়ম্বরপূর্ণ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism’। সেই ভাবনাকেই সামনে রেখে বাংলাদেশের পর্যটন খাতে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে। ডিজিটাল প্রযুক্তির অব্যাহত অগ্রযাত্রায় পর্যটন শিল্পে বৈশ্বিক পর্যায়ে এসেছে নতুন সম্ভাবনার দিগন্ত। সে দিগন্ত বাংলাদেশে উন্মোচনের মাধ্যমে পর্যটন শিল্প জাতীয় অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রভাব সৃষ্টি করবে।

২৭ সেপ্টেম্বর পর্যটন ভবন, পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় হবে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালি। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি। পর্যটন ভবনের সম্মুখভাগে আয়োজিত র‌্যালিতে পর্যটন সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করবে এবং আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য, ঢাকার ঐতিহ্য বর্ণিলভাবে উপস্থাপন করা হবে। সকাল ৯টা ৩০ মিনিটে হবে সাইকেল র‌্যালির উদ্বোধন এবং ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক আয়োজিত সিটি ট্যুরের উদ্বোধন করা হবে, যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা গাইডেড ট্যুরের মাধ্যমে ঢাকার বিভিন্ন পর্যটন আকর্ষণে প্রবেশ ও উপভোগের সুযোগ পাবে।

২৮ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে পর্যটন ভবনের লেভেল-১০-এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে পর্যটন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা। বিশ্ব পর্যটন দিবসের প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পর্যটন উন্নয়ন নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে মতবিনিময় করবেন পর্যটন সংশ্লিষ্ট অংশীজনেরা। এর দু’দিন পর, ৩০ সেপ্টেম্বর একই সময়ে ও একই স্থানে বসবে উৎস দেশসমূহের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভা। ইনবাউন্ড ট্যুরিজমের প্রসার, উৎস দেশসমূহের সঙ্গে পর্যটন বিষয়ক পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঙ্গে ওই সভায় পর্যটন খাত নিয়ে মতবিনিময় করবেন কূটনীতিকেরা।

৩ অক্টোবর হবে বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন। শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকেল ২টা ৩০ মিনিটে ১২টি থিমাটিক প্রদর্শনী স্টলের উদ্বোধন ও স্টল পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। থিমাটিক স্টলে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, জিআই পণ্য, ক্রাফট স্যুভেনির, ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য, পর্যটন গন্তব্যভিত্তিক উপস্থাপনা, আবহমান বাংলার জীবনধারা উপস্থাপন করা হবে। এছাড়াও দিবসের প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে Artificial Intelligence-এর মাধ্যমে পর্যটন গন্তব্যের অভিজ্ঞতা, পর্যটন গন্তব্যে টাইম ট্রাভেল ও পর্যটন গন্তব্যের ছবি তোলার বিষয়টি তুলে ধরা হবে। বিকেল ৩টায় শুরু হবে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

UN Tourism-এর মহাসচিব মিজ শাইখা আল নুয়াইমির শুভেচ্ছাবাণী হিসেবে ভিডিও বার্তা প্রচার করা হবে। পর্যটন দিবসের ওপর থিমেটিক্যাল উপস্থাপনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীন। এছাড়াও বিশেষ অতিথিদের বক্তব্য পর্বে বক্তব্য দেবেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

এবারের পর্যটন দিবসে বিশেষ গুরুত্ব পাচ্ছে পর্যটন শিল্পে জড়িত অংশীজনদের মাঝে প্রথমবারের মতো চালু করা বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬। বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিতকরণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটন উদ্যোগকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে ১৩টি ক্যাটাগরিতে “বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬” (Bangladesh Tourism Award 2026) প্রদান করবে। পর্যটন শিল্পে উৎকর্ষ, দায়িত্বশীলতা ও উদ্ভাবনের দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগসমূহকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদান, টেকসই পর্যটন শিল্প গঠন ও প্রচার এবং অন্যান্য পর্যটন উদ্যোক্তা ও অংশীজনদেরকে অনুপ্রাণিত করাই এ পুরস্কারের মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এমরশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস ফাহমিদা আখতার, এনডিসি। আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা থাকবে।

বিশ্ব পর্যটন দিবসের আয়োজনকে উৎসবমুখর ও সফল করতে র‌্যালি, প্রদর্শনী, আলোচনা সভা, বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

Scroll to Top