September 26, 2026

শিরোনাম

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালাগা

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ এবং মালাগার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি উদীয়মান এবং সম্ভাবনাময় খাতগুলো নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী এফবিসিসিআই এবং মালাগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) মালাগাতে এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দল এবং মালাগা চেম্বার অব কমার্সের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মালাগা চেম্বারের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট পালোমা মরিনো ম্যারিন।

উল্লেখ্য, মালাগা স্পেনের দক্ষিণে অবস্থিত আন্দালুসিয়া অঞ্চলের একটি অন্যতম বন্দর নগরী।

বৈঠকে জানানো হয়, বর্তমানে মালাগা অঞ্চলে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের প্রায় ৯৭ শতাংশই তৈরি পোশাক। তাই একক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, সিরামিক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্যসহ বাংলাদেশে উৎপাদিত অন্যান্য উন্নতমানের ও বিশ্বমানের পণ্য আমদানির আহ্বান জানান এফবিসিসিআই’র প্রশাসক মোঃ ফজলুল হক।

এ সময় মালাগার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশ সফর এবং উদীয়মান খাতগুলোতে বিনিয়োগের সম্ভাবনা সরেজমিনে খতিয়ে দেখার আহ্বান জানান এফবিসিসিআই’র প্রশাসক।

অন্যদিকে, নিজেদের উন্নত প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে বাংলাদেশকে মালাগা থেকে প্রযুক্তি পণ্য ও সেবা আমদানি এবং এ খাতে বাংলাদেশের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান মালাগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট পালোমা মরিনো ম্যারিন।

এ সময়, মালাগার বিশ্ববিখ্যাত টেকনোলজি পার্কের অভিজ্ঞতা ও সুবিধা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে এফবিসিসিআই’র প্রতিনিধি দল। যৌথ অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদান, কৃষি খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে এফবিসিসিআই এবং মালাগা চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে একমত হয় উভয় পক্ষ।

বৈঠকে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মাসুদুর রহমান, এফবিসিসিআিই’র মহাসচিব মোঃ আলমগীর, মালাগা অফিসিয়াল চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি, সার্ভিসেস অ্যান্ড নেভিগেশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এস্থার মার্তিনেজ রেয়েস সহ স্পেনে সফররত এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিদিধ দলের সদসবৃন্দ, মালাগা চেম্বারের প্রতিনিধিবৃন্দ।

Scroll to Top