ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে আন্তর্জাতিক গলফ পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (৮ আগস্ট ২০২৬) রাজধানীর বিমানবন্দরসংলগ্ন ক্রাউন প্লাজায় আয়োজিত ‘গলফ হাউজ গলফ অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ‘এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর বিজয়ী ও শীর্ষস্থান অর্জনকারী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গলফ মিডিয়া প্ল্যাটফর্ম ‘গলফ হাউজ’ এ ফ্ল্যাগশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।




প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে স্পোর্টস ট্যুরিজম দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো গলফ পর্যটন। গলফ শুধু একটি খেলা নয়; এটি ব্যবসা, পর্যটন এবং আন্তর্জাতিক বন্ধুত্ব ও যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বাংলাদেশের গলফ কোর্স, পর্যটন অবকাঠামো ও আন্তর্জাতিক মানের আয়োজনের সুযোগ-সুবিধা আরও উন্নত করা গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি আকর্ষণীয় গলফ পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
অনুষ্ঠানে গলফ হাউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এএমএম নজরুল হোসেন বলেন, বাংলাদেশে গলফের উৎকর্ষ, অবদান ও ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই ‘গলফ হাউজ গলফ অ্যাওয়ার্ডস’ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এ পুরস্কারের মাধ্যমে গলফের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হচ্ছে। ভবিষ্যতে এই পুরস্কার গলফে উৎকর্ষের জাতীয় মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এএমএম নজরুল হোসেন আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে গলফে অংশগ্রহণ, অংশীদারত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের গলফ খেলার ধারাবাহিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ‘এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এ বিজয়ী ও বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।











