ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (IFRC) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা বিদায়ী সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে।

রবিবার (২৬ জুলাই, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আলবার্তো বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির বিভিন্ন মানবিক কার্যক্রম ও অর্জনের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটির ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতা ও গঠনমূলক সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফলভাবে দায়িত্ব পালন শেষে আলবার্তো বোকানেগ্রাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির কার্যক্রমে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন ও মানবিক সহযোগী হিসেবে আইএফআরসির অবদানের কথা উল্লেখ করে জরুরি সাড়া প্রদান ও মানবিক সহায়তায় সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত জরুরি পরিস্থিতিতে আইএফআরসির অব্যাহত সহায়তা এবং রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় সংস্থাটির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে, বিশেষ করে নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলবার্তো বোকানেগ্রার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং তাঁর উত্তরসূরির নেতৃত্বে বাংলাদেশ ও আইএফআরসির মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।











