ডিপ্লোমেটিক ডেস্কঃ
বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে উল্লেখযোগ্যভাবে সহজ শর্তের অর্থায়ন বৃদ্ধি, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, জলবায়ু অর্থায়নে সহজ প্রবেশাধিকার, বাজার সম্প্রসারণ এবং প্রযুক্তি সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) উচ্চ পর্যায়ের অধিবেশনের সাধারণ বিতর্কে এলডিসি গ্রুপের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. তিতুমীর বলেন, ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সরকারি উন্নয়ন সহায়তা (ODA) কমে যাওয়া, ডিজিটাল বৈষম্য এবং সাশ্রয়ী অর্থায়নে সীমিত প্রবেশাধিকার—এসব কারণে এলডিসি দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলডিসি দেশগুলোর উন্নয়ন এগিয়ে নিতে প্রয়োজন পূর্বানুমানযোগ্য অর্থায়ন, ন্যায়সংগত ঋণ সমাধান, কার্যকর জলবায়ু পদক্ষেপ, উন্নয়ন সহায়ক বাণিজ্য নীতি এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ বৃদ্ধি।
নিজ বক্তব্যে তিনি ২০৩০ এজেন্ডা এবং দোহা কর্মপরিকল্পনা বাস্তবায়নে এলডিসি গ্রুপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. তিতুমীর উল্লেখ করেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য হাতে থাকা সময় পাঁচ বছরেরও কম। তাই এলডিসি দেশগুলোর কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করতে জরুরি ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য একটি ন্যায়সঙ্গত ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা ছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহযোগিতা আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।











