July 15, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বন্যাকবলিত দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষের সহায়তায় যুক্তরাজ্য সরকারের ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা

বন্যাকবলিত দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষের সহায়তায় যুক্তরাজ্য সরকারের ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত মানুষের জন্য ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড (প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা) জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। এ সহায়তার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন।

স্টার্ট নেটওয়ার্ক (Start Network)-এর ব্যবস্থাপনায় এবং জাতীয় ও স্থানীয় বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে বাস্তবায়িত এই সহায়তার আওতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি জেলা—কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং স্বাস্থ্যবিধি-সংক্রান্ত (হাইজিন) উপকরণ বিতরণ করা হবে।

এর আগে ২০২৬ সালের মে মাসে সিলেট অঞ্চলের বন্যাদুর্গত মানুষের জন্য যুক্তরাজ্য সরকার ২ লাখ ৪৫ হাজার পাউন্ড (প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) জরুরি সহায়তা প্রদান করেছিল। নতুন এ সহায়তাসহ চলতি বছরে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় যুক্তরাজ্য সরকারের মোট সহায়তার পরিমাণ ৬ লাখ পাউন্ডের (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা) বেশি হয়েছে। পাশাপাশি জলবায়ু সহনশীলতা (ক্লাইমেট রেজিলিয়েন্স) বৃদ্ধিতেও যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন,“এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে যুক্তরাজ্য রয়েছে। আমাদের এই মানবিক সহায়তা দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ৫৫ হাজারেরও বেশি মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে সহায়তা করবে।

প্রাকৃতিক দুর্যোগের জন্য জনগণকে আরও ভালোভাবে প্রস্তুত করা, দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া, পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করা এবং দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়া, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)-এর ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (DREF)-এ অবদানের মাধ্যমে যুক্তরাজ্য সরকার বন্যাকবলিত জনগোষ্ঠীকে সহায়তা করছে। এই তহবিলের আওতায় উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি জেলার মানুষের সহায়তায় মোট ৪ লাখ ৩৮ হাজার ৩৪৮ পাউন্ড (প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা) বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, যুক্তরাজ্য–বাংলাদেশ হাইড্রো-মেট (Hydro-Met) অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে জাতীয় আবহাওয়া ও বন্যা পূর্বাভাস ব্যবস্থায় ইউকে মেট অফিস-এর তথ্য সংযুক্ত করতে সহায়তা করেছে। এর ফলে বন্যার পূর্বাভাসের নির্ভুলতা ও আগাম সতর্কবার্তার সময়সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক আকস্মিক বন্যার আগে দ্রুত সতর্কবার্তা প্রদান ও জরুরি পদক্ষেপ গ্রহণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে আরও কার্যকরভাবে আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে এই সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Scroll to Top