ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা, বিদ্যমান সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। আলোচনায় জাহাজ নির্মাণ শিল্প, বন্দর আধুনিকায়ন, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্ঞান ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং নিরাপত্তা সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়ন ও সম্ভাবনার প্রশংসা করে বলেন, এই খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।
বৈঠকে তিনি আগামী অক্টোবর ২০২৬-এ অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডস ট্রেড মিশনের বিষয়েও অবহিত করেন। এই ট্রেড মিশনের মূল লক্ষ্য হবে জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন ও সামুদ্রিক অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে নতুন অংশীদারিত্বের সুযোগ তৈরি করা।











