ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (International Agency for Prevention of Blindness-IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হল্যান্ড।
সোমবার (৬ জুলাই, ২০২৬) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে সবার জন্য মানসম্মত ও সহজলভ্য চক্ষুস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অন্ধত্ব প্রতিরোধে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সেবার পরিধি সম্প্রসারণ এবং চক্ষুস্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং IAPB-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ এবং ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।











