ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ Purchasing Managers’ Index (PMI) সম্পর্কে একাডেমিয়া সংশ্লিষ্টদের অবহিত করতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (MCCI) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (PEB)-এর যৌথ উদ্যোগে রবিবার (১৬ আগস্ট, ২০২৬) রাজধানীর গুলশানে MCCI কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ PMI-এর কার্যকর ব্যবহার, বাস্তবায়ন এবং এর ব্যাপক প্রচার ও প্রসারের বিষয়ে একাডেমিয়া সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে উঠে আসে।

MCCI সভাপতি কামরান টি. রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এরপর PEB-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ড. এম. মাসরুর রিয়াজ সূচনা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে PEB-এর পক্ষ থেকে বাংলাদেশ PMI-এর ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়। উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা PMI-এর ব্যবহারিক গুরুত্ব, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োগ এবং অর্থনৈতিক বিশ্লেষণে এর ভূমিকা নিয়ে মতামত দেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির বিভিন্ন খাতের বর্তমান অবস্থা ও গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে PMI একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক। এ সূচকের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াতে একাডেমিয়া, গবেষক এবং নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সংযোগ ও সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় একাডেমিয়া অঙ্গনের সম্পৃক্ততার মাধ্যমে PMI-এর প্রাসঙ্গিকতা, নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।











