ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬)। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে এবার দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করবেন। সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সর্বশেষ সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।











