August 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • সিঙ্গাপুর–বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে উদযাপন করল ‘Bridging Horizons’

সিঙ্গাপুর–বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে উদযাপন করল ‘Bridging Horizons’

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সিঙ্গাপুর ও বাংলাদেশের বন্ধুত্বকে আরও গভীর করার লক্ষ্যে ঢাকায় উদ্বোধন হলো ‘Bridging Horizons: A Visual Dialogue of Nature, Heritage and Innovation’ শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনী।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ঢাকার লা গ্যালারি, অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশন ও অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ উদ্যোগে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক এম. ফ্রাঁসোয়া শঁব্রু।

প্রদর্শনীটির কিউরেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল। তাঁর তত্ত্বাবধানে সাজানো এই প্রদর্শনীতে প্রকৃতি, ঐতিহ্য, উদ্ভাবন এবং অভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন দিক শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মিচেল লি বলেন, মানুষের সঙ্গে মানুষের এবং দেশের সঙ্গে দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর ভাষায়, “শিল্প কূটনীতির পরিপূরক হিসেবে কাজ করে; এটি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং এমন সম্পর্ক গড়ে তোলে, যা আনুষ্ঠানিক যোগাযোগ শেষ হওয়ার অনেক পরও স্থায়ী হয়।”

তিনি আরও বলেন, ২০২৭ সালে সিঙ্গাপুর ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির প্রেক্ষাপটে এই প্রদর্শনী দুই দেশের অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। এই অংশীদারিত্ব কেবল অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ওপরও প্রতিষ্ঠিত।

‘Bridging Horizons’ প্রদর্শনীতে সিঙ্গাপুরের শিল্পকর্মের পাশাপাশি বাংলাদেশের ১৪ জন খ্যাতিমান শিল্পীর নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত ছয়জন উদীয়মান বাংলাদেশি শিল্পীর কাজও প্রদর্শিত হচ্ছে।

প্রতিষ্ঠিত শিল্পীদের সৃজনশীল ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের সমকালীন ভাবনার সমন্বয়ে প্রদর্শনীটি দুই দেশের শিল্পচর্চার মধ্যে একটি প্রাণবন্ত সংলাপের সুযোগ তৈরি করেছে।

আয়োজকরা জানান, ‘Bridging Horizons’ শুধু একটি শিল্প প্রদর্শনী নয়; এটি সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রতিফলন। শিল্পের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সাংস্কৃতিক কূটনীতির ক্রমবর্ধমান গুরুত্বের প্রেক্ষাপটে এই প্রদর্শনী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অভিন্ন মূল্যবোধ, ঐতিহ্য ও অভিজ্ঞতাকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ তৈরি করেছে। প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার মধ্য দিয়ে ‘Bridging Horizons’ সিঙ্গাপুর–বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

Scroll to Top