August 17, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় হোটেল সারিনায় দুই সপ্তাহব্যাপী পেশাওয়ারি ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন

ঢাকায় হোটেল সারিনায় দুই সপ্তাহব্যাপী পেশাওয়ারি ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ঢাকার হোটেল সারিনায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী পেশাওয়ারি ফুড ফেস্টিভ্যাল। পাকিস্তানি রন্ধনশিল্পীর প্রস্তুত করা ঐতিহ্যবাহী ও সুস্বাদু পেশাওয়ারি খাবারের মাধ্যমে এ উৎসবে খাদ্যপ্রেমীদের জন্য ভিন্নধর্মী স্বাদের অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।

সম্প্রতি আয়োজিত ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের সদস্য এবং খাদ্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাইকমিশনার ইমরান হায়দার ফুড ফেস্টিভ্যাল আয়োজনের জন্য হোটেল সারিনার প্রশংসা করেন। তিনি বলেন, সমৃদ্ধ স্বাদ, সুগন্ধ ও বৈচিত্র্যের জন্য পাকিস্তানি খাবার বিশ্বজুড়ে সুপরিচিত। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি রেস্টুরেন্টে authentic পাকিস্তানি খাবার পরিবেশন শুরু হওয়া এ দেশের মানুষের মধ্যে পাকিস্তানি খাবারের জনপ্রিয়তারই প্রতিফলন।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। এ ধরনের আয়োজন হালাল পর্যটন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান সম্ভাবনার কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, কৃষি খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশে চালসহ বিভিন্ন প্রয়োজনীয় কৃষিপণ্য রপ্তানি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে আনারস, পাট ও পানপাতাসহ বিভিন্ন কৃষিপণ্য পাকিস্তানে আমদানির পথও তৈরি হচ্ছে।

তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশের কৃষি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য FoodAg 2026-এ অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

ইমরান হায়দার ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগের কথাও স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের জনগণকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, পাকিস্তান সফরে দেশটির বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবার, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে।

Scroll to Top