August 10, 2026

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

Image

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশের পর সকাল ১০টা থেকেই একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ফলাফল উন্মুক্ত করে দেওয়া হয়।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

এবার সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে চলতি বছর পাসের হার গত বছরের তুলনায় ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট কমেছে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারছে।

Scroll to Top