ডেস্ক রিপোর্টঃ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পাশাপাশি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, এই কৌশলগত কাঠামোর মাধ্যমে দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে সমন্বিত করা হয়েছে। এর ফলে দেশের উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও জনকল্যাণমুখী হবে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ’ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যেভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্যের পরিচয় দিয়েছে, একইভাবে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও যথাযথ পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি বলেন, এসডিজির মূল প্রতিপাদ্য ‘নো ওয়ান লিভ বিহাইন্ড’ বা ‘কাউকে পেছনে ফেলে নয়’-এর সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও যথেষ্ট মিল রয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে তাদের জীবনমানের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা।
তিন জেলায় এসডিজি ভিলেজের উদ্বোধন

অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার পাশাপাশি এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন পরিকল্পনায় এসডিজির লক্ষ্যগুলোকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিকল্পনা বিভাগের সচিব এস. এম. শাকিল আখতার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











