August 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ডিজিটাল হয়রানি প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগে ইউএন উইমেনের অংশীদারিত্ব চাইল বাংলাদেশ

ডিজিটাল হয়রানি প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগে ইউএন উইমেনের অংশীদারিত্ব চাইল বাংলাদেশ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং। সোমবার (৩ আগস্ট, ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে গীতাঞ্জলি সিং বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ইউএন উইমেনের চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে ইউএন উইমেনের কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, কন্যাশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি জনগণমুখী কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা নারীর আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের হয়রানি প্রতিরোধে বাংলাদেশের প্রস্তাবিত “নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্ম” প্রতিষ্ঠার উদ্যোগে ইউএন উইমেনের সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও কন্যাশিশুদের ওপর অসম প্রভাব মোকাবিলায় ইউএন উইমেনের অব্যাহত সহযোগিতার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোর অব্যাহত সহযোগিতা প্রয়োজন। তিনি মানবিক সহায়তার অর্থায়নের ঘাটতি পূরণ এবং মিয়ানমারে রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও আলোচনা হয় জাতিসংঘের নারীর অবস্থান বিষয়ক কমিশনের (CSW) ৭১তম অধিবেশন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (CEDAW) বাস্তবায়ন সম্পর্কিত বাংলাদেশের জাতীয় প্রতিবেদন এবং নারী, শান্তি ও নিরাপত্তা (NAP-WPS) বিষয়ক পরবর্তী জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের অগ্রগতি নিয়ে।

Scroll to Top