ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।” তিনি বলেন, দেশের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়াকে পেশা ও জীবিকার অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ী কিশোর-কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসর গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। আয়োজকরা মনে করছেন, এই উদ্যোগ দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।











