July 13, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • হজ ব্যয় কমাতে সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চাইলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

হজ ব্যয় কমাতে সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চাইলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। বৈঠকে বেসামরিক বিমান চলাচল, পর্যটন খাত এবং হজ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বাংলাদেশি হজযাত্রীদের সামগ্রিক ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সৌদি কর্তৃপক্ষের আরোপিত কর ও অন্যান্য চার্জ কমানোর বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিমান ভ্রমণে এসব ব্যয় কমানো গেলে প্রতিবছর হাজারো বাংলাদেশি হজযাত্রী উপকৃত হবেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘ক্যাটাগরি ডি’ আবাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় হজযাত্রীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। তাই বাংলাদেশি হজযাত্রীদের জন্য পুনরায় ক্যাটাগরি ডি আবাসন চালুর বিষয়টি বিবেচনার জন্য তিনি সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং হজকে আরও সহজ ও সাশ্রয়ী করার বিষয়ে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও গভীর করার এবং বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

Scroll to Top