July 15, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। এ লক্ষ্যে বুধবার (১৫ জুলাই, ২০২৬) সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে সৌদি প্রতিনিধিদলের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় পিপিপিএ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণে সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এসব অগ্রাধিকার সৌদি আরবের নিজস্ব অর্থনৈতিক কৌশল ও বিনিয়োগ পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানান, সৌদি আরব নিজেকে একটি বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগে সহায়তা দিচ্ছে। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তৈরির পাশাপাশি সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনাল (RSGT)-এর কার্যক্রমও উঠে আসে। সৌদি উপমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যক্রমে ৯৮ শতাংশেরও বেশি কর্মী বাংলাদেশি। দক্ষ জনবল তৈরি, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করছে RSGT।

তিনি বলেন, পারস্পরিকভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নে বর্তমান ইতিবাচক সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করা সম্ভব।

বৈঠক শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত চিহ্নিত হয়েছে, যেখানে সৌদি পক্ষের গভীর আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ অবকাঠামো, বন্দর উন্নয়ন এবং আর্থিক সেবা খাত বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, যাতে তারা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া যায়।”

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অবকাঠামোগত সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

Scroll to Top