July 15, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাবে গড়ে তুলতে RSGT-এর বিনিয়োগ গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাবে গড়ে তুলতে RSGT-এর বিনিয়োগ গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

Image

বিজনেস ডেস্কঃ

বাংলাদেশের সামুদ্রিক ও লজিস্টিকস খাতে নতুন যুগের সূচনা করে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (PCT) পূর্ণাঙ্গ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে RSGT Bangladesh। দুই বছরের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ শেষে প্রতিষ্ঠানটি এ কার্যক্রম চালু করল, যা দেশের বন্দর ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (CPA) প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, শিপিং লাইনের নির্বাহী এবং বাণিজ্য ও লজিস্টিকস খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক ও লজিস্টিকস ইকোসিস্টেম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে এবং RSGT সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, “আমি চট্টগ্রামের মানুষ। তাই চট্টগ্রামকে শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের একটি লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে আমার বিশেষ অঙ্গীকার রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে RSGT-এর বিনিয়োগ সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বহু বছরের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি তৈরি হয়। তিনি স্মরণ করেন, হজ মৌসুমে ছায়া প্রদানের উদ্দেশ্যে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানোর উদ্যোগের কথা, যা আজও সেখানে বিদ্যমান রয়েছে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হয়। বর্তমানে ৪০ লাখেরও বেশি বাংলাদেশি সৌদি আরবে কর্মরত রয়েছেন, যা দুই দেশের অর্থনৈতিক ও মানবিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

বন্দর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমানো বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। প্রতিটি ঘণ্টা ও প্রতিটি দিনের বিলম্ব ব্যবসার ব্যয় বাড়িয়ে দেয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি বলেন, “Ease of Doing Business নিশ্চিত করতে দ্রুত পণ্য খালাস ও সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ বন্দর ব্যবসার ব্যয় কমায়, সরবরাহ ব্যবস্থা উন্নত করে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ায়।”

তিনি জানান, নতুন সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্য অর্জনে দেশের বন্দর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে এবং RSGT-এর এই বিনিয়োগ সেই সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “RSGT-এর এই বিনিয়োগই যেন শেষ না হয়; ভবিষ্যতেও তারা বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।”

RSGT Bangladesh জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ২২ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পর প্রতিষ্ঠানটি পতেঙ্গা কনটেইনার টার্মিনালের আধুনিকায়নে ১৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

এই বিনিয়োগের আওতায় অত্যাধুনিক ডিজিটাল অপারেশন সিস্টেম চালু, টার্মিনাল অবকাঠামো সম্প্রসারণ, হাইব্রিড রাবার-টাইয়ার্ড গ্যান্ট্রি (RTG) ক্রেন স্থাপন এবং চারটি অত্যাধুনিক Ship-to-Shore (STS) Crane সংযোজন করা হয়েছে। এসব উন্নয়নের মাধ্যমে টার্মিনালটি এখন পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির মতে, আধুনিক এই টার্মিনাল জাহাজের অবস্থানকাল (Turnaround Time) উল্লেখযোগ্যভাবে কমাবে, কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াবে এবং বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকস হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

RSGT Bangladesh চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (PPP) একটি সফল উদাহরণ। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সৌদি আরবের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন। দেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে RSGT Bangladesh বৈশ্বিক দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং বৈদেশিক বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Scroll to Top