ডেস্ক রিপোর্ট:
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (১২ জুলাই, ২০২৬) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব। তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংবিধান অনুযায়ী একাধিকবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে তিনি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।











