August 20, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • পিকেএসএফ ও CAB ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত

পিকেএসএফ ও CAB ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত

Image

ডেস্ক রিপোর্টঃ

নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আরও কার্যকর, টেকসই ও পরিবেশবান্ধব করতে যৌথভাবে কাজ করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও CAB ইন্টারন্যাশনাল।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে ‘Up-scaling of the Sustainable Agroecological Farming in Bangladesh’ শীর্ষক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে পিকেএসএফ-এর পক্ষে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং CAB ইন্টারন্যাশনালের পক্ষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. বিনোদ পণ্ডিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। তিনি বলেন, টেকসই ও বাজারভিত্তিক সমাধানের মাধ্যমে দেশের কৃষি খাতকে এগিয়ে নেওয়া জরুরি। এজন্য বিজ্ঞানভিত্তিক কৃষি ও এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিংয়ের প্রসারে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে দক্ষ করে তুলতে হবে।

তিনি স্থানীয় পর্যায়ে কৃষকদের মধ্য থেকেই জৈব বালাইনাশক তৈরির মাইক্রোএন্টারপ্রাইজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস পাবে এবং নিরাপদ খাদ্য উৎপাদন আরও বেগবান হবে বলে তিনি উল্লেখ করেন।

CAB ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. বিনোদ পণ্ডিত বলেন, প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেন, কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সবার সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ডেটা ব্যবস্থাপনা এবং বাজারভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব।

ড. বিনোদ পণ্ডিত আরও বলেন, এই সমঝোতার মাধ্যমে CAB ইন্টারন্যাশনালের ‘PlantwisePlus’ কর্মসূচির কারিগরি দক্ষতা এবং পিকেএসএফের কার্যক্রম পরিচালনার সক্ষমতা ও শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগানো হবে। এর ফলে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থার প্রসার ঘটবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন Centre for Agriculture and Biosciences (CAB) International বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সালেহ আহমেদ।

সমঝোতা স্মারকের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানো এবং জলবায়ু ও পরিবেশের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Scroll to Top