ডিপ্লোম্যাটিক ডেস্ক
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১৯ আগস্ট, ২০২৬) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

এ সময় কাতারের প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি তার দায়িত্ব সফলভাবে পালনে কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনায় শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











