ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি, টেকসই উৎপাদন ও ডিকার্বনাইজেশনসহ শিল্পের ভবিষ্যৎ নিয়ে কম্বোডিয়ায় অনুষ্ঠিত সাসটেইনেবল টেক্সটাইলস অব দ্য এশিয়ান রিজিয়ন (STAR) নেটওয়ার্কের বোর্ড সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA)-এর পরিচালক শাহ রায়েদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত এ সভায় STAR নেটওয়ার্কের সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্যরা অংশ নেন। সভায় নেটওয়ার্কের চলমান কার্যক্রমের অগ্রগতি, কৌশলগত অগ্রাধিকার, আঞ্চলিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।








STAR নেটওয়ার্কের বোর্ড সদস্য শাহ রায়েদ চৌধুরী সভায় একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেন। এতে তিনি বৈশ্বিক বাণিজ্য ও শিল্প পরিস্থিতির পরিবর্তনশীল চিত্র তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থাপনায় তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনগুলোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নির্বাচন-পরবর্তী বিভিন্ন নীতিগত উদ্যোগ এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নত লজিস্টিকস সুবিধা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহজতর পরিবেশ শিল্পের প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারে।
শাহ রায়েদ চৌধুরী বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও ডিকার্বনাইজেশনের লক্ষ্যে BGMEA-এর বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্প ক্রমেই সবুজ ও টেকসই উৎপাদন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।
STAR Network বা Sustainable Textiles of the Asian Region হলো এশিয়ার তৈরি পোশাক উৎপাদনকারী দেশগুলোর বিভিন্ন সংগঠনের একটি আঞ্চলিক জোট। বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, মিয়ানমার, পাকিস্তান ও ভিয়েতনামের গার্মেন্টস উৎপাদক সংগঠনগুলো এ নেটওয়ার্কের সদস্য। টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং দায়িত্বশীল প্রবৃদ্ধি উৎসাহিত করাই এ জোটের অন্যতম লক্ষ্য। BGMEA এ নেটওয়ার্কের একটি সদস্য সংগঠন।











