August 17, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশে স্টার্টআপ অর্থায়নে নতুন দিগন্ত, চালু হলো ৪০০ কোটি টাকার ফান্ড অব ফান্ডস

বাংলাদেশে স্টার্টআপ অর্থায়নে নতুন দিগন্ত, চালু হলো ৪০০ কোটি টাকার ফান্ড অব ফান্ডস

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের স্টার্টআপ খাতে বিনিয়োগ ও অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি করতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ফান্ড অব ফান্ডস। এর প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ৪০০ কোটি টাকা। সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত এই তহবিলের কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে Request for Expression of Interest (REOI) প্রকাশ করা হয়েছে।

Startup Bangladesh Limited পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ এবং উন্নয়নমূলক মূলধনকে পেশাদার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ম্যানেজারদের মাধ্যমে দেশের সম্ভাবনাময় স্টার্টআপগুলোর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ফান্ড অব ফান্ডস দেশের স্টার্টআপ খাতে সরকারি অর্থায়নের প্রচলিত ধারণায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। সরকারি অর্থ এখানে সরাসরি বিনিয়োগের পরিবর্তে ‘ক্যাটালিটিক ক্যাপিটাল’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করা, দক্ষ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ম্যানেজার তৈরি, উচ্চ সম্ভাবনাময় স্টার্টআপের অর্থায়নের সুযোগ বাড়ানো এবং বিনিয়োগ ব্যবস্থাপনা ও বাজারের মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক বিনিয়োগকারী, ব্যবসায়িক নেটওয়ার্ক ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও ফান্ডটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গত এক দশকে বাংলাদেশের স্টার্টআপগুলো প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে। তবে এ সময়ে স্থানীয় বিনিয়োগকারীদের অবদান ছিল মোট বিনিয়োগের মাত্র প্রায় ৭ শতাংশ। ফলে স্থানীয় বিনিয়োগের ঘাটতি পূরণ এবং বেসরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্নয়নমূলক বিনিয়োগকে আরও বড় পরিসরে স্টার্টআপ খাতে আনার লক্ষ্যেই ফান্ড অব ফান্ডসকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ফান্ডটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি; প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ ভূঁইয়া।

অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই ফান্ডটির প্রস্তাবিত কাঠামো, বিনিয়োগ কৌশল, ফান্ড ম্যানেজার নির্বাচন প্রক্রিয়া, কো-ইনভেস্টমেন্ট ব্যবস্থা এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে এর সম্ভাব্য অবদান তুলে ধরেন।

এ সময় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)-এর প্রতিনিধি মরিকাওয়া ইউকো বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল বাজার আরও গভীর করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ফান্ডটির সম্ভাবনার কথা তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ফান্ড অব ফান্ডস কেবল নতুন একটি অর্থায়ন কর্মসূচি নয়; বরং দেশের স্টার্টআপ অর্থনীতির জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ অবকাঠামো গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের জন্য মূলধনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের স্টার্টআপ খাতকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার পথ তৈরি হবে।

Scroll to Top