August 25, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদপত্রের সম্পাদকদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ আগস্ট, ২০২৬) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে বিরোধীদলের ভূমিকা, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-তেল-গ্যাস সংকট, প্রবাসীদের অধিকারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট যে ভূমিকা পালন করছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন জামায়াত আমির। সংসদে ও সংসদের বাইরে জামায়াতে ইসলামী প্রধান বিরোধীদল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধীদলের যে নেতিবাচক অনুশীলন ছিল, তা থেকে বেরিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিরোধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এ নীতির কথাও সম্পাদকদের সামনে তুলে ধরেন আমির।

তিনি বলেন, সম্পাদকরা জামায়াতের এই নীতির প্রশংসা করেছেন। জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও দেশ যাতে অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটি ছিল জামায়াতে ইসলামীর প্রথম মতবিনিময়। বৈঠকে ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য রাখার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধীদলের সদস্যরা বৈষম্যের শিকার হচ্ছেন।

তিনি বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সংসদে ভূমিকা রাখছে। কিন্তু এরপরও স্পিকারের পক্ষ থেকে তারা ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার জানান, সম্পাদকরা মনে করেন, সংসদের অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াতে ইসলামী ব্যতিক্রমী ভূমিকা পালন করছে। সংসদকে গঠনমূলকভাবে কার্যকর রাখতে বিরোধীদলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তারা মত দিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলো-এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠ-এর সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক কালবেলা-এর সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক এদিন-এর সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, দৈনিক খবরের কাগজ-এর সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ভোরের ডাক-এর সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকা-এর সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশ রূপান্তর-এর নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন-এর সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়া-এর সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতা-এর সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন, শীর্ষ কাগজ-এর সম্পাদক একরামুল হক, দ্য নিউ নেশন-এর সম্পাদক মো. মোকাররম হোসেন, গ্রিন ওয়াচ-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দ্য ইভিনিং নিউজ-এর সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, ডেইলি সান-এর উপসম্পাদক আল আমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রাম-এর বার্তা সম্পাদক শামসুল আরেফীন এবং সাপ্তাহিক সোনার বাংলা-এর বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূইয়া প্রমুখ।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও আতাউর রহমান সরকারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Scroll to Top