ডেস্ক রিপোর্টঃ
অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সিলেটে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই, ২০২৬) সিলেট সার্কেলের কনফারেন্স রুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার এবং রূবানা পারভীন।

সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, শাখা ব্যবস্থাপক এবং ব্যাংকের সম্মানিত গ্রাহকরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আমানত সংগ্রহ বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায় জোরদার, বৈদেশিক রেমিট্যান্স আহরণ বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও গ্রাহকসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











