ডেস্ক রিপোর্ট:
দেশের পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের সমন্বয়ে গঠিত পর্যটন বিষয়ক থিংক ট্যাংক ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (UTSSOB)-এর সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) অনুষ্ঠিত সংগঠনটির পরিচালনা পর্ষদ ও উপদেষ্টাদের জরুরি সভায় পাঁচজন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন। তারা ইউটিএসএসওবির সভাপতি এইচ. এম. হাকিম আলী-এর কাছে সদস্য ফি প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ইউটিএসএসওবি অবিলম্বে দেশের গুরুত্বপূর্ণ দুটি পর্যটন গন্তব্য—মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং খুলনার সুন্দরবন নিয়ে দুটি গবেষণা কার্যক্রম শুরু করবে। পাশাপাশি ঢাকায় আগত পর্যটকদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে একটি পর্যটক জরিপ পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নতুন সদস্যরা ইউটিএসএসওবিকে দেশের সব পর্যটন অংশীজনের জন্য একটি কার্যকর অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা গবেষণা, তথ্যভিত্তিক উদ্যোগ ও জ্ঞাননির্ভর কার্যক্রমের মাধ্যমে দেশের পর্যটন উন্নয়নে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, আন্তর্জাতিক, অভ্যন্তরীণ ও বহির্গামী পর্যটন বিষয়ে নিয়মিত জরিপ ও গবেষণা পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হবে। এসব তথ্যের ভিত্তিতে বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর সুপারিশ প্রদান করা যাবে।
ইউটিএসএসওবির সভাপতি এইচ. এম. হাকিম আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তৌফিক রহমান, সাধারণ সম্পাদক রেজাউল একরাম, পরিচালক কামরুল হাসান, ট্যুর অপারেটর বোরহান উদ্দিন, পর্যটন উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন, পাগমার্ক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নজরুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা প্রণব সাহাসহ অনেকে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর) উপলক্ষে একটি রাউন্ড টেবিল আলোচনা আয়োজন করা হবে। পাশাপাশি পর্যটন গবেষণা, নীতিগত আলোচনা ও সংগঠনের কার্যক্রম তুলে ধরতে নিয়মিত ইউটিএসএসওবি নিউজলেটার প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।











