ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
রবিবার (৫ জুলাই, ২০২৬) ঢাকায় আলজেরিয়ার দূতাবাস আয়োজিত দেশটির ৬৪তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উদযাপন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান জাতীয় সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের কার্যক্রমের প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে ঢাকা ও আলজিয়ার্সের মধ্যে নিয়মিত আলোচনা ও যোগাযোগ জোরদার করা প্রয়োজন। জ্বালানি সম্পদ ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে আলজেরিয়া আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। ইউরোপের জ্বালানি নিরাপত্তায় দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজিয়ার্সকে বিশ্বের অন্যতম সুন্দর ‘হোয়াইট সিটি’ হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সফর বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি বলেন, ওষুধ শিল্প, কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে আলজেরিয়ায় বিনিয়োগ ও ব্যবসার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ভূমিকার প্রশংসা করে বলেন, ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়, নেটওয়ার্কিং এবং বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে ফোরামটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করছে।
বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আলজেরিয়ান নাগরিক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।











